প্রিন্ট এর তারিখঃ Jun 5, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 2, 2026 ইং
জাবিতে অভিযুক্ত আইআইটি'র শিক্ষার্থীর সনদপত্র স্থগিত

জাবিতে অভিযুক্ত আইআইটি'র শিক্ষার্থীর সনদপত্র স্থগিত
জরুরি প্রেস বিজ্ঞপ্তি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ২৮ ফেব্রুয়ারি ২০২৬
লোক প্রশাসন বিভাগের একজন নারী শিক্ষার্থীকে শারীরিক ও মানসিক নির্যাতনসহ ধর্ষণের ঘটনায় ৬ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন।। অভিযুক্ত আইআইটি'র শিক্ষার্থীর সনদপত্র স্থগিত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ৫৩-তম ব্যাচের একজন নারী শিক্ষার্থী কর্তৃক এই বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি)-এর ৪৪-তম ব্যাচের সাবেক শিক্ষার্থী এস. এম. তারিকুল ইসলাম-এর বিরুদ্ধে গত ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ তারিখ আনুমানিক সন্ধ্যা ৬.১০ মিনিটে বীর প্রতীক তারামন বিবি হল থেকে হুমকি দিয়ে জোরপূর্বক পার্শ্ববর্তী ইসলামনগরে তার ভাড়া বাসায় নিয়ে উক্ত শিক্ষার্থীর হাত-পা ও মুখ বেঁধে তাকে অমানবিক শারীরিক ও মানসিক নির্যাতনসহ ধর্ষণের অভিযোগের বিষয়ে তদন্তপূর্বক সুপারিশসহ প্রতিবেদন দেয়ার জন্য জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মোহম্মদ মাফরুহী সাত্তারকে সভাপতি করে ৬ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন ফার্মেসী বিভাগের অধ্যাপক ড. মো. সোহেল রানা, ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. খন্দকার মোহাম্মদ শরীফুল হুদা, নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মির্জা তাসলিমা সুলতানা, সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. নাসরীন সুলতানা, এবং সদস্য সচিব ডেপুটি রেজিস্ট্রার (উচ্চশিক্ষা ও বৃত্তি) লুৎফর রহমান আরিফ। ভুক্তভোগী শিক্ষার্থীর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর আবেদনের প্রেক্ষিতে আজ শনিবার বিকেলে উপাচার্য অধ্যাপক ড মোহাম্মদ কামরুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি প্রশাসনিক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। সভায় উপ-উপাচার্য (শিক্ষা), উপ উপাচার্য (প্রশাসন), কোষাধ্যক্ষ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার , প্রক্টর উপস্থিত ছিলেন।
সভায় উল্লিখিত ঘটনায় অভিযুক্ত ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির ৪৪ তম ব্যাচের সাবেক শিক্ষার্থী এস. এম. তারিকুল ইসলাম এর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তরসহ সকল সনদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। একইসাথে অভিযোগকারীর নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গসহ রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীকে সহযোগিতা করার জন্য অনুরোধ করা এবং উপর্যুক্ত ঘটনায় রাষ্ট্রীয় আইনে দায়েরকৃত মামলায় অভিযুক্ত-এর সর্বোচ্চ শাস্তি নিশ্চিতকল্পে বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক সর্বপ্রকার সহযোগিতা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মোহাম্মদ মহিউদ্দিন, পিএইচডি
পরিচালক (ভারপ্রাপ্ত)
© সকল কিছুর স্বত্বাধিকারঃ সত্যের সংবাদ